হংকংয়ে জ্যাক মা

১৪ অক্টোবর, ২০২১ ০১:০৪  
আধিপত্য বিস্তারী আচরণ থেকে শুরু করে ভোক্তা অধিকার প্রশ্নে নিয়ন্ত্রকদের তোপের মুখে রয়েছে আলিবাবা। গত বছরের অক্টোবরে সাংহাইয়ে বক্তব্য রাখার সময় চীনের আর্থিক নিয়ন্ত্রকদের সমালোচনা করায় অনেকটাই বেকায়দায় পড়েন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। এরপর থেকেই দীর্ঘদিন ধরেই অন্তরালেই থাকছেন তিনি। তবে সম্প্রতি তার দেখা মিলেছে হংকংয়ে। সেখানে ব্যবসায়ী সঙ্গীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে দুইটি সূত্র। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অন্তত ‘কয়েক জন’ ব্যবসায়িক সহযোগীর সঙ্গে দেখা করেছেন মা। আলিবাবা প্রতিষ্ঠাতার কার্যক্রম মূলত পূর্ব চীনা শহর হাংঝোউ ভিত্তিক। আলিবাবার প্রধান কার্যালয়ও সেখানেই। তবে, হংকংয়ের শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলিবাবা। সেখানে জ্যাক মা’র অন্তত একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। চীনা সরকারের তোপের মুখে গত বছনই বন্ধ হয়ে যায় মা’র অ্যান্ট গ্রুপের মেগা ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’। এরপরই সবার চোখের আড়াল হয়ে যান তিনি। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা মেলে তার। সেখানে একদল শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা যায় এই শতকোটিপতিকে। এরপর সেপ্টেম্বরের এক তারিখে সামনে আসে জ্যাক মা’র কিছু আলোকচিত্র। সেখানে দেখা যায়, পূর্ব ঝেজিয়াং প্রদেশের কিছু কৃষি গ্রিনহাউস ঘুরে দেখছেন তিনি।